খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশ ৩২ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ১৭ জনকে গ্রেফতার করেছে।
রবিবার (২৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার নয়টি থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ৪০৮টি যানবাহন পরীক্ষা করেন পুলিশ সদস্যরা। ট্রাফিক আইন অমান্য করায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া নয়টি যানবাহন আটক করা হয়েছে।
অন্যদিকে, কেএমপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন মামলার ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
কেএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি একজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচজন, নিয়মিত মামলার আসামি দুজন এবং আগের মামলার আসামি পাঁচজন রয়েছেন। এ ছাড়া সামারি ট্রায়ালে দুজন এবং খুলনা মহানগর অধ্যাদেশে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে মহানগরীর কোথাও অপরাধ সংঘটিত হলে কিংবা অপরাধীদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ পুলিশকে তা জানানোর আহ্বান জানিয়েছে কেএমপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।




