কক্সবাজার শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে শহরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কার্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে থেকে ককটেলসদৃশ বস্তু ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আরআরআরসি কার্যালয়ের ফটকে দায়িত্ব পালনকারী এক নিরাপত্তারক্ষী জানান, ঘটনার সময় তারা দুজন ফটকে দায়িত্বে ছিলেন। হঠাৎ ডান পাশের দেয়ালের ওপাশ থেকে একটি ককটেল ছোড়া হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এদিকে, একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয় এবং বাণিজ্য মেলার প্রবেশপথেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ছাড়া শহরের বাহারছড়া এলাকায় সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস লক্ষ্য করেও বিস্ফোরণ ঘটানো হয়। সব মিলিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে, এসব ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল। নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে বিস্ফোরণের স্থানগুলোকে কূটনৈতিক এলাকা হিসেবে উল্লেখ করে সেখানে জাতিসংঘের একাধিক আঞ্চলিক কার্যালয় থাকার বিষয়টিও তুলে ধরেন।
তবে শহরের বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার শহরে নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।




