রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে রবিবার (২৯ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।
ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে স্বপন ভট্টাচার্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
স্বপন ভট্টাচার্য ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়ী হন।
দশম সংসদে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন। একাদশ সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।