রাজধানীর গুলিস্তান-ওয়ারী সংলগ্ন জয়কালী মন্দির এলাকায় হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় অবৈধ মুরগির বাজার ও সড়ক দখলের বিষয়টি সামনে এসেছে। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে এবং প্রধান সড়ক দখল করে দীর্ঘদিন ধরে চলা রাতের মুরগির বাজার নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ‘হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল’-এ এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের সামনের ফুটপাত ও সড়ক দখল করে প্রতিদিন গভীর রাতে অস্থায়ী মুরগির বাজার বসানো হয়। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে পাশের একটি দোকান থেকে মুরগি ছুটে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। সেটি ধরতে দোকানমালিক এনায়েত ও তার ছেলে ইরান হোটেলে প্রবেশ করলে কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
এ ছাড়া হোটেলের প্রবেশপথ আটকে দোকান বসানো নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় মুরগি ব্যবসায়ীদের আগে থেকেই বিরোধ ছিল বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় রাত ২টার দিকে এনায়েত, তার ছেলে ইরান ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে। এ সময় ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) হামলার শিকার হন।
পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ওয়ারী থানায় হত্যা মামলা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের বিভিন্ন অংশে রাত হলেই অবৈধভাবে মুরগির পাইকারি বাজার বসানো হয়। সড়কের ওপর মুরগির খাঁচা, ভ্যান ও ট্রাক রেখে ব্যবসা পরিচালনার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে আশপাশের হোটেল ও দোকানের প্রবেশপথও বাধাগ্রস্ত হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, বাজারের মুরগির বিষ্ঠা ও দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একটি চক্র হুমকি-ধমকি দেয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে অবৈধ বাজারটি পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, হোটেলের সামনে সড়ক আটকে মুরগির ব্যবসা পরিচালনায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই নাঈমুর রহমানকে হত্যা করা হয়েছে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানিয়েছেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারের নিচের জায়গা দীর্ঘদিন ধরে দখল করে কীভাবে অবৈধ বাজার পরিচালিত হচ্ছে? তারা দ্রুত হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অবৈধ বাজার উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।