টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। স্ট্যাম্পে ভুয়া বিয়ের কাগজ তৈরি করে বিশ্বাস অর্জনের পর নারীদের ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলার তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় এনে আটকে রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে চীনের একটি পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় মানিকগঞ্জ সদর উপজেলার ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে মুঠোফোনে বড় বোনের সঙ্গে যোগাযোগ করে সে। এ সময় জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় এনে উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়। ওই বাসায় তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীটি।
বড় বোনের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরার পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চেন ইয়ংকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চেন ইয়ং টিকটকের মাধ্যমে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। একপর্যায়ে স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে তাদের বিশ্বাস অর্জন করতেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকার ভাড়া বাসায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, চেন ইয়ংয়ের ব্যবহৃত মুঠোফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্তত ১৫ নারীর সঙ্গে তার এমন সম্পর্কের তথ্য পাওয়া গেছে। তবে এসব নারীর প্রত্যেকের সঙ্গে প্রকৃতপক্ষে বিয়ে হয়েছিল কি না, তাদের মধ্যে কতজন নির্যাতনের শিকার হয়েছেন এবং সম্পর্কগুলোর প্রকৃতি কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
চেন ইয়ংয়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আরও কয়েকজন নারী মানিকগঞ্জ সদর থানায় উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেছেন। অন্য নারীরাও একই ধরনের সম্পর্ক ও প্রতারণার অভিযোগ তুলেছেন। পুলিশের ধারণা, এ ঘটনায় আরও নারী ভুক্তভোগী থাকতে পারেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেন ইয়ং দাবি করেছেন, ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার উদ্দেশ্যে তিনি বাংলাদেশে এসেছেন। চীনে তার একটি ছোট অটোগ্যারেজ রয়েছে। পাশাপাশি তিনি গাড়িচালক হিসেবেও কাজ করতেন। গত ১২ আগস্ট ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন তিনি। তার বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য, ভিসার শর্ত মেনে চলা এবং স্থানীয় কারও সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর তার বাবার করা জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। ২৫ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চেন ইয়ংয়ের মুঠোফোনের তথ্য-উপাত্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথন, কথিত বিয়ের কাগজপত্র এবং অন্যান্য নারীর অভিযোগ যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ভুক্তভোগীর সংখ্যা ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।




