ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ব্যক্তিরা হলেন কয়েদি শাহজামাল তব্দুল হোসেন (৫০) ও হাজতি মো. আবদুল্লাহ আল মামুন (২৪)।
হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন শাহজামাল তব্দুল হোসেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজামাল যশোরের বেনাপোল এলাকার রুহুল আমিনের ছেলে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন হাজতি আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আমিনুলসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত মো. মোকলেস শেখ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কোন মামলায় তারা কারাগারে বন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।




