রাজধানীতে রাজনৈতিক নেতাকর্মীদের আটকের ঘটনায় এবার দেখা গেল ব্যতিক্রমী এক চিত্র। নাশকতার পরিকল্পনার অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করে ফল ও পুরান ঢাকার বিখ্যাত পনির খাওয়ানোর পর পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবলীগ নেতার নাম রহমতুল্লাহ। তিনি ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
রবিউল ইসলাম নয়ন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান, রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পাওয়ার পর তারা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে ফল ও পনির খেতে দিয়ে নাশকতার পরিকল্পনার কারণ জানতে চান। একই সঙ্গে সাবেক নেতাদের কর্মকাণ্ডের অনুসরণ না করে দেশে অস্থিতিশীলতা তৈরির পথ থেকে সরে আসার পরামর্শ দেন।
ফেসবুক পোস্টে নয়ন দাবি করেন, একটি মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ তোলা হচ্ছে। তবে অতীতে আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসনের হাতে তার ওপর নির্যাতনের সময় সমালোচকদের নীরব থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি।
নয়ন আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও রাজধানীর পল্টন এলাকা থেকে লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেছিলেন নয়ন। সেবারও পুলিশে হস্তান্তরের আগে তাকে সেদ্ধ ডিম ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।
পরপর দুই দিনে দুই রাজনৈতিক নেতাকে আটকের পর খাবার পরিবেশন করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসবে।