রাজধানীতে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কেএম শাখাওয়াত নামে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবকে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় তাকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আটকের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে শাখাওয়াতকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায়।
ভিডিওতে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে শাখাওয়াত জানান, তিনি বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন তার কাছে সরকারি কর্মকর্তা হিসেবে ভবিষ্যতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবেন কি না, তা জানতে চান। জবাবে শাখাওয়াত এমন কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে জানান। এ সময় তাকে কান ধরতেও বলা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি-২৭ এলাকা থেকে শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই চলছে।




