প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ডরিনের বয়স ২৪ বছর। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করছিলেন।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তার হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে এলে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ওই সময় বাবার নিখোঁজ হওয়ার ঘটনা এবং পরবর্তী সময়ে হত্যার বিচার দাবি করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় আলোচনায় আসেন ডরিন। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়েও।