রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে দলীয় মিছিল সংগঠিত করা এবং অর্থায়নের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি লোকজন জড়ো করার কাজ করতেন তারা। মিছিল আয়োজনের জন্য অর্থ দিয়েও সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।