রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় পৃথকভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তিনটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত অবস্থায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে আগুন লাগার পর চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে আসতে সক্ষম হন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
এদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
একই সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিনটি পৃথক এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।