জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। শন রেইলির দেওয়া এক বিবৃতিতে মিতের মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, তিনি একজন প্রিয় অভিনেতা, সমাজসেবক এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ছিলেন। 
২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে পরিচিতি পান মিতে। সিরিজটিতে তিনি ওয়াল্টার হোয়াইটের ছেলের ভূমিকায় অভিনয় করেন। ওয়াল্টার হোয়াইট চরিত্রে অভিনয় করেছিলেন ব্রায়ান ক্র্যানস্টন। মিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পর্দায় চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক অন্তর্ভুক্তি এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতেও কাজ করেছেন তিনি। 
তার প্রতিনিধি শন রেইলি জানান, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মিতে ফাউন্ডেশনের সভাপতি হিসেবেও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে যুক্ত ছিলেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন জগতের অন্যতম আলোচিত সিরিজ। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজ হিসেবে এর নাম উল্লেখ করেছে।