‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপশিল্পী ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। চার বছর পর তার প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এবারের আয়োজনে তার সঙ্গে থাকছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক বার্তায় ঢাকায় নিরাপদে পৌঁছানোর কথা জানিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকার কথা প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তিনি। আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
এবারের কনসার্টে আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় গানের পরিবেশনাও থাকছে। বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড অনুষ্ঠানে অংশ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ।
এর আগে ২০২২ সালে বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। চার বছর পর আবারও ঢাকার দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। ‘বিলিয়নেরা’সহ জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার সুযোগ পেতে মুখিয়ে আছেন তার ভক্তরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের অগ্রিম টিকিট অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক ও দেশীয় সংগীতের এই আয়োজন ঘিরে দর্শকদের জন্য থাকছে বিশেষ সংগীতসন্ধ্যা।



