একটি ছোট ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা এবার আইনি পর্যায়ে গড়িয়েছে। অনন্ত আম্বানীর সঙ্গে কথোপকথনের দৃশ্যকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক নেটপ্রভাবীকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।
অনন্ত আম্বানীর সঙ্গে একটি অনুষ্ঠানে শাহরুখ খানের কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটির ভুল ব্যাখ্যা দিয়ে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে নেটপ্রভাবী সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখের আইনজীবী।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদ্‌গুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানী। এ সময় তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল নিয়ে একটি অঙ্গভঙ্গি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ এটিকে শাহরুখকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে প্রচার করে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনন্তের আচরণ নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ তার অঙ্গভঙ্গির সমালোচনা করেন, আবার কেউ ঘটনাটিকে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তার অংশ হিসেবে ব্যাখ্যা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সুবিজ্ঞ শর্মা একটি রিল প্রকাশ করেন। সেখানে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। বিষয়টি নজরে আসার পর ওই রিলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন শাহরুখ।
জানা গেছে, গত ২৩ নভেম্বর পাঠানো নোটিশে সংশ্লিষ্ট ভিডিওর ব্যাখ্যাকে বিভ্রান্তিকর ও মানহানিকর বলে উল্লেখ করেছেন অভিনেতার আইনজীবী। তাদের দাবি, প্রচারিত অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য শাহরুখের ব্যক্তিগত সম্মান ও পেশাগত ভাবমূর্তির ক্ষতি করতে পারে।
নোটিশে সুবিজ্ঞ শর্মাকে বিতর্কিত রিলটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেট্টি ও বিক্রান্ত ম্যাসিসহ বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ও আক্রান্তদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মাননাও প্রদান করেন শাহরুখ। তবে অনুষ্ঠানের অন্যান্য আয়োজন ছাপিয়ে অনন্তের সঙ্গে তার কথোপকথনের ভিডিওটিই শেষ পর্যন্ত আলোচনার বিষয় হয়ে ওঠে।