চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্মাণাধীন এলাকায় পাঁচ শতাধিক গাছ কাটার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। গাছ কাটার পাশাপাশি কর্তিত কাঠ ও অন্যান্য বনজদ্রব্য অপসারণ, পরিবহন এবং গাছ কাটার পর নির্মাণ এলাকা পরিষ্কার করার কাজও করা হবে।
সাম্প্রতিক চট্টগ্রাম কাস্টমস কর্তৃক জারি করা দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, কাস্টমস মডার্নাইজেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট (সিএমআইডি) প্রকল্পের ডব্লিউডি-০১ ও ডব্লিউডি-০৩ প্যাকেজের আওতায় এ কাজ করা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্মাণাধীন এলাকায় আনুমানিক ৫০৫টি বা এর কম-বেশি গাছ কাটার কথা উল্লেখ রয়েছে।
দরপত্রের শর্ত অনুযায়ী, কাজ সম্পন্ন করতে সময় দেওয়া হয়েছে ৩০ দিন। দরপত্র শিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। পাশাপাশি দরপত্রের সঙ্গে নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডার অথবা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহী ঠিকাদাররা আগামী ৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত দরপত্র শিডিউল সংগ্রহ করতে পারবেন। ১০ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। একই দিন বিকেল ৪টায় চট্টগ্রাম কাস্টমস হাউসে সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) কার্যালয়ে দরপত্র খোলা হবে।
এবিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্ধারিত কাজ বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ঠিকাদার নির্বাচনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।’
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা দরপত্রগুলো যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।




