বরেন্দ্র অঞ্চলের কৃষি ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর নিজস্ব কার্যালয়ের বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান ও সচিব পদমর্যাদার কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, রাজশাহী ও দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিনিধিসহ বোর্ডের অন্যান্য সদস্যরা।
এ ছাড়া ঠাকুরগাঁও পৌরসভার প্রতিনিধি মো. ফাজুরুল্লাহ, বোর্ড সদস্য মো. শফিকুল আলম, মোসা. মাসউদা আফরোজ হক, বিএমডিএর জ্যেষ্ঠতম তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম খান সভায় উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সভায় বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নে বিএমডিএর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনায় বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে বলে মত দেন বোর্ড সদস্যরা।
তারা আশা প্রকাশ করেন, দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে বিএমডিএ উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত সব বোর্ড সদস্যকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।