শিক্ষকদের প্রধান দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান করা। অথচ ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টার ও বিভিন্ন সভা-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে অনেক শিক্ষকের বিরুদ্ধে। এমন কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দায়িত্বে অবহেলা করে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে ক্লাস ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। এমপিওভুক্ত ও বেতনভুক্ত শিক্ষকদের অবশ্যই শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালন বাদ দিয়ে বাইরে কোচিং করানোর সুযোগ নেই।
তিনি আরও বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই দায়িত্বে অবহেলা করে যখন-তখন সভা-সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া উচিত নয়। বিশেষ করে ক্লাস বাদ দিয়ে আন্দোলনে যাওয়ার বিষয়টি নজরদারিতে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিতে আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, আগে এ ধরনের বদলি ব্যবস্থার প্রচলন ছিল না। বেগম খালেদা জিয়ার সরকারের সময় তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলেন। তবে অতীতে নিয়োগ প্রক্রিয়ায় কিছু ত্রুটি থাকায় বর্তমানে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে অনেক শিক্ষককে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় বদলি ব্যবস্থা কীভাবে কার্যকর ও সুশৃঙ্খল করা যায়, তা নিয়ে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন।
নন-এমপিও শিক্ষকদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্থানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। একই সঙ্গে নন-এমপিও শিক্ষকরা জাতীয়করণের দাবিও জানাচ্ছেন। তবে যেসব শিক্ষক এমপিওভুক্তির যোগ্যতা পূরণ করেছেন, তাদের এমপিও দেওয়া হবে। এ জন্য মিছিল-মিটিং না করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, কোন কোন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির যোগ্য, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে। যোগ্য প্রতিষ্ঠানগুলোতে এমপিও সুবিধা পৌঁছে দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্টদের মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হবে না।
মেয়েদের উপবৃত্তির বিষয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তারেক রহমান মেয়েদের ডিগ্রি পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেসব স্কুল, কলেজ ও মাদ্রাসা এখনো কোনো ভবন পায়নি, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তবে ভবন বরাদ্দের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ফলাফল ও শ্রেণিকক্ষের শিক্ষার্থীসংখ্যাকে গুরুত্ব দেওয়া হবে। যেখানে শিক্ষার্থী নেই, সেখানে ভবন নির্মাণ করা হবে না। একইভাবে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফল খারাপ হবে, সেসব প্রতিষ্ঠান আপাতত কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে জানান তিনি।