ময়মনসিংহের রাজগঞ্জ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে শাখার নৈশপ্রহরীর দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের রাজগঞ্জ শাখাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে একটি ভাড়া বাড়িতে অবস্থিত। দুর্বৃত্তরা শাখাটির সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
তবে আগুনের বিষয়টি দ্রুত টের পেয়ে শাখার নৈশপ্রহরী তা নিভিয়ে ফেলেন। ফলে আগুন বড় আকার ধারণ করতে পারেনি এবং ব্যাংকের কোনো সম্পদের ক্ষতি হয়নি।
এদিকে, আগুন দেওয়ার ঘটনার ২১ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার ভোররাতে উৎপল কর নামের এক ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘হেনার বিয়ে হচ্ছে’। ভিডিওতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে এবং ভবনের সামনের অংশে আগুন জ্বলতে দেখা যায়।
শাখাটির ব্যবস্থাপক কাজী মনিকা দিলশান জানান, রাত আড়াইটার দিকে ব্যাংকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যাংকের সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।




