ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে নয়, বরং জাতীয় স্বার্থে ঐক্য গড়াই তাদের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আতিক মুজাহিদ বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩৯ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর কুড়িগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এতে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। সারা দেশেই এসব কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা সক্রিয় থাকবেন।
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের প্রত্যাশা, ভোটাধিকারসহ সব নাগরিক অধিকার নিশ্চিত হবে। নির্বাচনব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে সংস্কার জরুরি। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকলেও ভোটের স্বচ্ছতা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির এই নেতা বলেন, সংস্কারের পক্ষে জনগণের রায় যথাযথভাবে কার্যকর করা গেলে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ তৈরি হতো। সরকার সংস্কার বাস্তবায়নে কতটা আন্তরিক, সেটিই এখন বড় প্রশ্ন। মানুষ পরিবর্তন চায় এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রত্যাশা করে। এ বিষয়ে সরকারের অবস্থানে বারবার পরিবর্তন না আনার আহ্বান জানান তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আতিক মুজাহিদ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকা প্রত্যাশিত ছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কাকে যথাযথ গুরুত্ব না দেওয়ায় জননিরাপত্তায় ঘাটতি তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লাসহ স্থানীয় নেতারা।