মায়ের অভিনয়জীবন শুরুর ঠিক ৪০ বছর পর বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন মেয়ে শামিয়ানা। অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের কন্যার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে পরিচালক অতনু রায়ের ‘ফাতমা’ সিনেমার মাধ্যমে। এতে তাকে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের চরিত্রে।
১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেছিলেন শতাব্দী রায়। এবার তার মেয়ে শামিয়ানাও বেছে নিয়েছেন অভিনয়কে। অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামিয়ানা ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘ফাতমা’ ছবিতে কিশোরী জুবেইদার চরিত্রে অভিনয় করবে। ছবিতে ফাতমা বেগমের ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর প্রাপ্তবয়স্ক জুবেইদার চরিত্রে অভিনয় করবেন আনন্দরূপা চক্রবর্তী।
মেয়ের চলচ্চিত্রে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী। তিনি চান, তার মেয়ে যেন পরিচয়ের বদলে নিজের অভিনয়দক্ষতা দিয়ে প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে ছবিটির মাধ্যমে ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা ফাতমা বেগমের জীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
শামিয়ানারও ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। মায়ের সিনেমা দেখে অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছেন জানিয়ে তিনি ভবিষ্যতেও এই পেশায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রথম সিনেমা দর্শকদের ভালো লাগবে বলেও আশা তার।
অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতমা’ নির্মিত হচ্ছে ফাতমা বেগম পরিচালিত নির্বাক চলচ্চিত্র ‘বুলবুল-ই-পরিস্তান’ মুক্তির শতবর্ষ উপলক্ষে। এতে তুলে ধরা হবে ফাতমা বেগমের সংগ্রাম, চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ, পারিবারিক জীবন এবং ভারতীয় সিনেমার বিকাশে তার অবদান।
ছবিটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জুবেইদা নির্বাক চলচ্চিত্রের যুগেই অভিনেত্রী হিসেবে পরিচিতি পান। পরে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনির বিভিন্ন চরিত্রেও অভিনয় করেন জুবেইদা।
ঋতুপর্ণা জানিয়েছেন, শতাব্দীর মেয়ের সঙ্গে একই ছবিতে কাজ করার বিষয়টি তার কাছে আনন্দের। অন্যদিকে পরিচালক অতনু রায়ের বিশ্বাস, কিশোরী জুবেইদার চরিত্রের জন্য শামিয়ানাই উপযুক্ত নির্বাচন। সব মিলিয়ে মায়ের অভিনয়জীবনের চার দশক পূর্তিতে মেয়ের এই নতুন যাত্রা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।




