শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ব্রাজিলীয় মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসি। এবার খান পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা জানিয়ে আরিয়ানের ব্যক্তিত্ব ও কর্মপ্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের পরিবারের সঙ্গে নিজের সম্পর্ককে বিশেষভাবে মূল্যায়ন করেন ব্রাজিলীয় অভিনেত্রী লারিসা বোনেসি। খান পরিবারের সদস্যদের নিজের পরিবারের মতো মনে করেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি আরিয়ান খানের পরিশ্রম, মেধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে লারিসা বলেন, খান পরিবারের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। জীবনে তাদের অর্জন এবং সাফল্যের পেছনের প্রচেষ্টাকে সম্মান করেন তিনি। পরিবারটির কাছ থেকে পাওয়া সমর্থনও তার কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুত্বকে জীবনের অন্যতম মূল্যবান সম্পর্ক বলেও উল্লেখ করেন লারিসা।
শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথাও তুলে ধরেন তিনি। বলিউড বাদশাহকে কিংবদন্তি আখ্যা দিয়ে লারিসা বলেন, সাফল্যের পাশাপাশি সেই অবস্থানে পৌঁছানোর পেছনের যাত্রা থেকেও অনেক কিছু শেখার রয়েছে। তার মতে, শাহরুখের অভিজ্ঞতা ও কাজের ধরন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস।
আরিয়ান খানের প্রশংসা করতে গিয়ে লারিসা বলেন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। বুদ্ধিমত্তা ও দৃঢ় সংকল্প তার অন্যতম বৈশিষ্ট্য। শাহরুখের ছেলে হওয়ায় আরিয়ানের সামনে অনেক সুযোগ থাকলেও নিজের পরিচয় ও ভবিষ্যৎ গড়তে তিনি কঠোর পরিশ্রম করছেন। নিজের লক্ষ্য ও বিশ্বাসের প্রতি তার একাগ্রতা একদিন তাকে সফলতার জায়গায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন অভিনেত্রী।
এদিকে আরিয়ানের পরিচালনায় কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন লারিসা। তার পরিচালিত কোনো প্রকল্পে অভিনয়ের সুযোগ পেলে আনন্দিত হবেন বলে জানান তিনি।
প্রায় ১৬ বছর আগে ব্রাজিল থেকে ভারতে আসেন লারিসা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ ও ‘ঘাটি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে, অভিনয়ের পরিবর্তে পরিচালনাকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন আরিয়ান। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
আরিয়ান ও লারিসাকে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো দুজনের কেউই প্রকাশ্যে কোনো স্বীকৃতি দেননি।




