সিরাজগঞ্জে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব ও সিপিসির যৌথ দল। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ফরিদপুরের কোতোয়ালি থানার একটি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে রাজিব হোসেন (৩৮)। তিনি অপহৃত ব্যক্তির প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক।
গত ৪ নভেম্বর সকালে উল্লাপাড়া মডেল থানার বালসাবাড়ী বাজার এলাকায় অবস্থিত অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারের সামনে থেকে ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৫ নভেম্বর উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত ও আসামিকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় র‍্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় শুক্রবার গভীর রাতে র‍্যাব-১২, র‍্যাব-১০ ও সিপিসি-৩ যৌথ অভিযান চালায়। ফরিদপুরের কোতোয়ালি থানার বাকুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ফরিদপুরের টেপাখোলা বাজার এলাকা থেকে ভিকটিমকেও উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (অপারেশন অফিসার) ধীমান কুমার মণ্ডল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।