চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বিস্ফোরণে আহত হয়ে রাজশাহীতে আত্মগোপনে থাকা নাজমুল করিম ওরফে নুরুলকে একটি বাসা থেকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। আটকের সময় তার শরীরে স্যালাইন চলছিল। পরে চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় এ অভিযান চালানো হয়। এসআরবি সদস্যরা সেখানে গিয়ে নাজমুলকে আটক করেন। এ সময় বাসাটির ভাড়াটিয়া নারী ও নাজমুলের স্ত্রীকেও হাসপাতালে নেওয়া হয়।
আটক নাজমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকায়। স্থানীয়ভাবে তার একটি চায়ের দোকান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এলাকায় তিনি ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পারচৌকা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান টমাস আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী ছিলেন। বিস্ফোরণে আরও তিনজন আহত হয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। তাদের একজন নাজমুল।
আহত অবস্থায় প্রথমে রাজশাহী মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন নাজমুল। পরে পরিচিত এক নারীর তেরোখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় আশ্রয় নেন। বাসাটির মালিক রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আলাউদ্দিন।
বাসার ভাড়াটিয়া নারীর ভাষ্য, নাজমুল তাদের পূর্বপরিচিত। ক্লিনিকে চিকিৎসা শেষে তার স্ত্রী তাকে ওই বাসায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ড্রেসিং করানোর পর গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। দুপুরে এক ব্যক্তি এসে নাজমুলের শরীরে স্যালাইন লাগিয়ে দেন। সন্ধ্যার পরপরই এসআরবি সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালান।
ওই নারী আরও জানান, বিস্ফোরণে নাজমুল কীভাবে আহত হয়েছেন, তা শুরুতে তার জানা ছিল না। তবে বাসায় অবস্থানকালে নাজমুল নিজেই তাকে জানান, বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মোটরসাইকেলে করে তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক বলেন, অভিযানে ওই বাসা থেকে শুধু নাজমুলকে আটক করা হয়েছে। শারীরিক অবস্থার কারণে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি হেফাজতে তার চিকিৎসা চলবে। বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। সুস্থ হলে আদালতে পাঠানো হবে।
এদিকে একই রাতে রাজশাহী মহানগরীর আরও দুটি এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে হেতেমখাঁ সবজিপাড়া এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশে দেন যুবদল নেতাকর্মীরা।
অন্যদিকে রাত ১টার দিকে বর্ণালীর মোড় এলাকার একটি বাসা থেকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শহীদকে আটক করা হয়। যুবদল নেতা রবি তাকে মিষ্টি খাইয়ে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।