রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), র্যাব ও সংশ্লিষ্ট থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
আরএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশনার মো. গাজীউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজপাড়ার জেলা সড়ক পরিবহন শাখার সভাপতি মো. মাসুদ (৫৭), বড়বনগ্রামের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী মুছা আহমদ খান মন্টু (৪০), বায়া পানপাড়ার সক্রিয় কর্মী আলহাজ রেজাউল ইসলাম (৬৬), ভোলাবাড়ীর সক্রিয় কর্মী সোবহান শুভ (৩০), গমাবোনার সক্রিয় কর্মী মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুরের খারইল থানার যুবলীগ সভাপতি ইকবাল হোসেন (৫২), মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র শহীদুজ্জামান শহীদ (৫৫), তানোরের কামারগাঁয়ের সক্রিয় কর্মী মোহাম্মদ রুবেল শেখ (৩৮), দামদমার সক্রিয় কর্মী মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), নগরীর কেশবপুর ভেড়িপাড়ার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইদ্রিস আলম (৪২) এবং শিরোইল কলোনির ১ নম্বর গলির সক্রিয় কর্মী সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গত বৃহস্পতিবার ভোরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। গ্রেপ্তার ১১ জন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।