রমজান সামনে রেখে দেশে খাদ্যপণ্যের আমদানি বাড়লেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে লাইটার জাহাজের তীব্র সংকট। প্রয়োজনীয় জাহাজ না পাওয়ায় পণ্য নিয়ে সাগরে আটকে আছে ৫০টি মাদার ভেসেল। এতে প্রতিদিন বিপুল অঙ্কের ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের।
রমজান সামনে রেখে বেড়েছে খাদ্যপণ্যের আমদানি। কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসে মিলছে না চাহিদামতো লাইটার জাহাজ। ফলে খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, ডালসহ বিভিন্ন পণ্য নিয়ে দিনের পর দিন সাগরে ভাসছে মাদার ভেসেল। সর্বশেষ ২৫ নভেম্বর বহির্নোঙরে অবস্থান করছিল ৮০টি মাদার ভেসেল। এর মধ্যে বাণিজ্যিক আমদানিকারকদের পণ্যবাহী ৫০টি জাহাজ। এসব জাহাজের মধ্যে ২০টিতে রয়েছে রমজান সামনে রেখে আমদানি করা খাদ্যপণ্য। লাইটার জাহাজ সংকটে পণ্য খালাসে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ সময় লাগছে। এতে প্রতিদিন হাজার হাজার ডলার ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের। শেষ পর্যন্ত এ বাড়তি ব্যয়ের প্রভাব ভোক্তাদের ওপর পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থান করা ৮০টি মাদার ভেসেলের মধ্যে ৩০টি শিল্পকারখানার পণ্যবাহী। বাকি ৫০টি বাণিজ্যিক আমদানিকারকদের। শিল্পকারখানাগুলো নিজস্ব ও ভাড়া করা লাইটার জাহাজে পণ্য খালাস করতে পারলেও বিপাকে পড়েছেন সাধারণ আমদানিকারকেরা। তাঁদের প্রায় ২০০টি লাইটার জাহাজের প্রয়োজন থাকলেও বরাদ্দ মিলেছে মাত্র ৯৩টি। স্বাভাবিক সময়ে একটি মাদার ভেসেলের পণ্য খালাসে ১০ থেকে ১২ দিন সময় লাগলেও এখন প্রায় ৩০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে শিল্পকারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আসা পণ্যবাহী জাহাজ সাত থেকে আট দিনের মধ্যেই খালাস হচ্ছে। ফলে লাইটার জাহাজ বরাদ্দের প্রচলিত ব্যবস্থার ওপর নির্ভরশীল বাণিজ্যিক আমদানিকারকেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।
বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সারোয়ার হোসেন সাগর বলেন, ‘একটা জাহাজ আমরা ১০ থেকে ১২ দিনে খালাস করি, সেই জাহাজ এখন মাসখানেক লাগতেছে। তাহলে আমার ২০ দিন অতিরিক্ত সময় গুনতে হচ্ছে। একইভাবে একজন আমদানিকারক তার মাদার জাহাজ ৩০-৩৫ বা ৪০ হাজার ডলার দিয়ে আনলেন। ১০ থেকে ১২ দিনে খালাস করার কথা থাকলেও এখন ৩০ দিন লাগছে। এতে অতিরিক্ত সময়ের খরচ বহন করতে হচ্ছে।’
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, অধিক ভাড়ার আশায় চট্টগ্রাম থেকে দুই শতাধিক লাইটার জাহাজ মোংলা ও পায়রা বন্দরে চলে গেছে। এ ছাড়া কয়লা, পাথর ও অন্যান্য পণ্য পরিবহনে কিছু জাহাজ দেশের বাইরের রুটেও নিয়োজিত রয়েছে। বর্তমানে চট্টগ্রাম রুটে থাকা জাহাজের একটি বড় অংশ সরাসরি শিল্পকারখানার পণ্য পরিবহন করছে। ফলে বিডব্লিউটিসির সিরিয়াল অনুযায়ী বাণিজ্যিক আমদানিকারকদের জন্য প্রয়োজনীয় জাহাজ পাওয়া যাচ্ছে না।
ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, ‘কিছু জাহাজ বাইরে চলে যায়। এই জাহাজগুলোর কারণে সংকট তৈরি হচ্ছে। যেসব জাহাজ বাইরে চলে, সেগুলো কয়লা, পাথর অথবা অন্যান্য আমদানিপণ্য পরিবহন করে। ওই পণ্যবাহী মাদার ভেসেলগুলো তুলনামূলকভাবে কম সময়ে খালাস হয়।’
অন্যদিকে জাহাজ মালিকদের দাবি, বর্তমান ভাড়ায় লাইটার জাহাজ পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম, শ্রমিকদের বেতন এবং জাহাজের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে। বিশেষ করে ছোট জাহাজ পরিচালনায় লোকসানের মুখে পড়ছেন মালিকেরা। আবার বিডব্লিউটিসির মাধ্যমে মাসে একটি ট্রিপ দেওয়া সম্ভব হলেও সরাসরি পণ্য পরিবহনে একই জাহাজ মাসে তিনটি ট্রিপ দিতে পারে। ফলে অনেক মালিক সরাসরি পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছেন।
ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাংয়ের সভাপতি হাজী সফিক আহমদ বলেন, ‘ফুয়েলের দাম বেশি, জাহাজের শ্রমিকদের বেতনও বেশি। বর্তমানে বিডব্লিউটিসিতে যে রেট আছে, তার চেয়ে কম রেটে জাহাজ চালানো কোনোভাবেই সম্ভব নয়। তবে যারা সরাসরি জাহাজ পরিচালনা করছে, তারা বিডব্লিউটিসির মাধ্যমে মাসে একটি ট্রিপের বিপরীতে সরাসরি তিনটি ট্রিপ দিতে পারছে। এ কারণে অনেক কম রেটেও তারা ওই পথে জাহাজ চালাচ্ছে।’
এদিকে লাইটার জাহাজের সংকটে শুধু আমদানিকারকদের নয়, শিপিং এজেন্টদেরও বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। একটি মাদার ভেসেল নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস করতে না পারলে প্রতিদিনের জন্য ডেমারেজ দিতে হয়। বিশেষ করে সুপারম্যাক্স আকারের জাহাজের ক্ষেত্রে এ ব্যয়ের পরিমাণ অনেক বেশি।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ‘গত দুই থেকে তিন দিনে যদি ৯০টি লাইটার জাহাজও দেওয়া হয়, তারপরও বহির্নোঙরে কতগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, সেটি বিবেচনায় নিতে হবে। সুপারম্যাক্স জাহাজগুলোর জন্য প্রতিদিন প্রায় ৩৫ হাজার ডলার ব্যয় হচ্ছে। যত দিন ডেমারেজ হবে, তত দিনের টাকা জাহাজমালিককে দিতে হবে। এখানে অন্য কোনো বিকল্প নেই।’
সংশ্লিষ্টরা বলছেন, লাইটার জাহাজের সংকট নিরসনে মালিকদের মধ্যে সমন্বয়হীনতা, সিরিয়াল ভঙ্গ, জাহাজের স্বল্পতা এবং বরাদ্দ ব্যবস্থাপনার দুর্বলতা দূর করা জরুরি। সম্প্রতি সিরিয়াল ভঙ্গের অভিযোগে ৩০টি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরে মুচলেকার ভিত্তিতে তা শিথিল করা হয়। এ ছাড়া কিছু আমদানিকারক লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করায় কার্যকর পরিবহন সক্ষমতা কমে যাচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর দিয়ে প্রতিবছর প্রায় ছয় কোটি টন পণ্য খালাস হয়। ফলে রমজানের আগে এ সংকট দীর্ঘায়িত হলে শুধু খাদ্যপণ্যের আমদানি ব্যয় নয়, দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ পরিস্থিতির ওপরও চাপ তৈরি হতে পারে। তাই দ্রুত লাইটার জাহাজের সংকট নিরসন, বরাদ্দ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।