শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ তৈরি করতে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কেএএফসিও) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, এ ধরনের মানবিক উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। খাদিমনগর এলাকার তরুণ সাইদুল প্রথমে কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রয়োজন এমন ব্যক্তিদের একটি তালিকা তাঁর কাছে তুলে ধরেন। পরে শিল্প মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় কেএএফসিওর সিএসআর কর্মসূচির আওতায় উদ্যোগটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুদান বিতরণের প্রক্রিয়া সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান উপকারভোগীদের প্রয়োজন অনুযায়ী অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। তারা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ধরনের সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটি সেই দায়িত্বও পালন করবে।
উপকারভোগীদের বিভিন্ন বয়স ও পেশার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে শিক্ষার্থী যেমন রয়েছেন, তেমনি শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও স্কুটার বা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন এমন মানুষও আছেন। কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তাদের কর্মজীবনে ফিরে আসা এবং স্বাভাবিক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ সহায়তা কার্যক্রম শেষ হবে না। উপকারভোগীদের কেউ আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় ক্ষুদ্র পুঁজির জোগান দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।
তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি হবে।
শিল্প মন্ত্রণালয়ের সচিব ও কেএএফসিওর চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।