জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। প্রধান বক্তা ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং উদ্বোধক হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এ পরিস্থিতি পরিবর্তনে ফুটবল, ভলিবল ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলায় নিয়মিত লিগ আয়োজন করতে হবে। এ ক্ষেত্রে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সিলেটকে মাদক ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে তরুণদের মাঠমুখী করতে হবে। এ জন্য ক্রীড়াঙ্গনকে সচল করা জরুরি। দ্রুত বিভিন্ন খেলার লিগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট সংগঠকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।
প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তাঁর জীবন, কর্ম ও গুণাবলি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। তার স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থ এবং সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আদর্শ ও গুণাবলি থেকে শিক্ষা নিয়ে তা দৈনন্দিন জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদক অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, যথাযথ প্রশিক্ষণ এবং নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি জানান, আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া কার্যক্রমের ক্যালেন্ডার দেওয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা থাকবে। এর মাধ্যমে সারা বছর মাঠে খেলাধুলার পরিবেশ বজায় রাখা এবং ক্রীড়াচর্চার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।