রাজধানীর নীলক্ষেতে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে মোড়ে জড়ো হয়ে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীদের দাবি, কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন দমাতে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বলপ্রয়োগ করে। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। তাদের অভিযোগ, কলেজের কয়েকজন শিক্ষকের সহযোগিতায় পুলিশ এ অভিযান চালায়।
আন্দোলনকারীরা জানান, অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে তারা আন্দোলনে নেমেছেন। কিন্তু দাবি আদায়ের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ তাদের।
প্রতিবাদ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানান, ভয়ভীতি কিংবা দমনমূলক পদক্ষেপের মাধ্যমে তাদের ন্যায্য দাবি থেকে সরানো সম্ভব নয়। অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাশাপাশি রাতের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এর আগে আবাসিক হলের আসন বাতিল ও জরিমানার বিষয় নিয়ে ক্ষোভ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার কার্যালয়ে আটকে রাখেন। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে সেখান থেকে বের করে আনতে গেলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় লাঠিচার্জ ও শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ওঠে। পরে রাতেই কলেজের সামনের সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।