বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড। এ ঘটনায় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দপদপিয়া সেতুর নিচে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা। কোস্টগার্ডের বরিশাল দক্ষিণ জোনের সদস্যরাও অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীতে অনুমতি ছাড়া বালু তোলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় চাঁদমারী এলাকার বাসিন্দা আল আমিনের মালিকানাধীন দুটি বাল্কহেড ও একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে রিফাজ জাহান ইকরা-১ নামের ড্রেজার এবং বালুবোঝাই এম-১ ও এমবি জোবেদা নামের দুটি বাল্কহেড জব্দ করা হয়। এর মধ্যে এম-১ বাল্কহেডে প্রায় সাড়ে সাত হাজার ঘনফুট বালু ছিল।
ঘটনাস্থল থেকে বাল্কহেড চালক বাচ্চু এবং শ্রমিক আব্দুল জলিল, মো. লিটন ও হুমায়ুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




