জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে জুয়া, মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্যের প্রতিবাদ করায় এক পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মন্ডল ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযুক্ত হেকমত প্রামাণিক ও তার লোকজনের হুমকিতে পরিবারটি অনেকটা অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয়দের ভাষ্য, টগারচর এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ব্যবসা ও অশ্লীল নৃত্যের আয়োজন চলে আসছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন মোতালেব মন্ডল। এর জেরে গত মঙ্গলবার রাতে চেঙ্গানিয়া বাজারসংলগ্ন ঘাটে তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এরপর থেকে তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।
মোতালেব মন্ডল জানান, চেঙ্গানিয়া গ্রামে তার বসতভিটা এবং স্থানীয় বাজারে একটি কীটনাশকের দোকান রয়েছে। হুমকির কারণে দোকান পরিচালনা, কৃষিকাজ এবং গবাদিপশু নিয়ে বাড়ির বাইরে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি।
পরিবারের অন্য সদস্যরা জানান, রাতের বেলায় অনাকাঙ্ক্ষিত হামলার আশঙ্কায় তাদের নির্ঘুম সময় কাটছে। স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা ও কৃষিকাজ চালিয়ে যেতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে হেকমত প্রামাণিক বলেন, তিনি মাদক কারবারিদের ধাওয়া দিয়েছেন।