খুলনা মহানগরীর শিববাড়ি রেলস্টেশনসংলগ্ন দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই স্থানে সাঁটানো হয়েছে রবীন্দ্রবিরোধী পোস্টার। এ ঘটনায় স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে অথবা শুক্রবার ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। গ্রাফিতিতে রবীন্দ্রনাথের মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে একই দেয়ালে থাকা অন্য বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতিতে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের পাঁচিলে এসব গ্রাফিতি আঁকা হয়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে।
রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি মাখানোর ঘটনা দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিল। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। খুলনায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে গ্রাফিতিগুলো তৈরি করা হয়েছিল। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগানোর ঘটনা দুঃখজনক। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।




