সিরাজগঞ্জের রায়গঞ্জে সেচ ব্যবস্থাপনায় কৃষকবান্ধব নীতি বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে সেচ পাম্পের মালিক, ম্যানেজার ও অপারেটরদের নিয়ে ‘সেচের বিনিময়ে ধান নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএডিসির কর্মকর্তা আনন্দ বর্মন। এতে উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যুৎচালিত সেচ পাম্পের মালিক, ম্যানেজার ও অপারেটররা অংশ নেন।
সভায় ‘সেচের বিনিময়ে ধান নয়’ নীতির বাস্তবায়ন, সেচ কার্যক্রম পরিচালনায় নিয়মতান্ত্রিকতা এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সেচ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের হয়রানি রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।