জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে ২০২৭ সালে এ খাতে বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের আর্থিক চাপের আশঙ্কা তৈরি হচ্ছে। এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ও নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫৮০ কোটি ডলার ব্যয় হতে পারে। একই সঙ্গে বাড়তে পারে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।
‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় দক্ষিণ-পূর্বাঞ্চলে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো গড়ে তুলতে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন ডলার এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলএনজির গড় দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে বাংলাদেশের বার্ষিক আমদানি ব্যয় সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে এলে ব্যয়ের পরিমাণ ৭ বিলিয়ন ডলারে নেমে আসার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ওপর বাংলাদেশের আমদানি ব্যয় ব্যাপকভাবে নির্ভরশীল থাকবে।
প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে এবং অর্থনৈতিক ক্ষতি বাড়ছে। অন্যদিকে জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এমআইডিআই উদ্যোগের আওতায় প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রগুলো পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এই পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি।
এ ধরনের বিপুল কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য নতুন সংকট তৈরি করতে পারে। বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের ফলে বায়ুদূষণ বাড়বে, যা জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট।
প্রতিবেদনটির পর্যবেক্ষণ অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানির এসব সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামোতে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। এতে ভবিষ্যতে জ্বালানি আমদানিনির্ভরতা, অর্থনৈতিক ব্যয় ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়তে পারে।



