দেশের বাজারে অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ সময়ে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে মাছের, যার দাম বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও দুটি পণ্যের দাম কমেছে।
কনজুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার সংগঠনটির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সরেজমিনে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা দামের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে মসলা জাতীয় পণ্যের দাম গড়ে ১০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। পেঁয়াজ, রসুন ও আদার মূল্যবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪ দশমিক ৮০ শতাংশ এবং আটা-ময়দার দাম ৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। চালের দাম বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ।
একই সময়ে ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের ০ দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম ০ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অক্টোবরে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ ও টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, ১১টি ব্র্যান্ডের ওষুধ এবং খাতা-কলমের দাম স্থিতিশীল ছিল। বিপরীতে শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।
সিএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমেছে। যশোর, বগুড়া ও রংপুরের বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৬ থেকে ১২ টাকা, মূলা ৬ থেকে ৮ টাকা এবং লাউ ৮ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ঢাকার বাজারে একই পণ্যের দাম অনেক বেশি। রাজধানীতে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকা, মূলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। অক্টোবরের মূল্যবৃদ্ধি যোগ হওয়ায় দুই মাসে সামগ্রিক দাম বেড়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।
সংগঠনটি সতর্ক করে বলেছে, এভাবে পণ্যমূল্য বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ আরও বাড়বে। শুধু বেতন-ভাতা বৃদ্ধি নয়, বাড়িভাড়া, দোকানভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ও সহনীয় পর্যায়ে রাখা জরুরি। পাশাপাশি অতিমুনাফা করা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং বাজার তদারকি জোরদারের আহ্বান জানিয়েছে সিএফ।
রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজারসহ বিভিন্ন বাজার ও সুপারশপ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।


