রাজধানীর কড়াইল বস্তির জীবনযাত্রার মান উন্নয়নে আর্থিক সহায়তা দিতে নীতিগত সম্মতি জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বিষয়ে মঙ্গলবার রাজধানীর এলজিইডি ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এডিবির প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন বিভাগের পরিচালকসহ সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ছাড়াও এডিবির অর্থায়নে দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এডিবির সহযোগিতায় পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। প্রকল্পের কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



