হালাল অর্থনীতিকে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় একটি খাত হিসেবে দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রচলিত কয়েকটি রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য হালাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হালাল অর্থনীতি এখন শুধু খাদ্য ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশন—সব মিলিয়ে এটি একটি বড় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা হয়ে উঠেছে।

বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিনিয়োগ আকর্ষণ ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন।

সেমিনারে মালয়েশিয়ার হালাল ইকোসিস্টেমকে বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য মডেল হিসেবে তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সার্টিফিকেশন কাঠামো, আধুনিক পরীক্ষাগার, হালাল শিল্প ক্লাস্টার, এসএমই ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা এবং ‘বাংলাদেশ হালাল ব্র্যান্ড’ প্রতিষ্ঠাসহ পাঁচটি কৌশলগত অগ্রাধিকার তুলে ধরা হয়।