বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি প্রক্রিয়া সহজ করা এবং শুল্কব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। আইবিএফবির সভাপতি সৌদিয়া খানের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে যেসব খাদ্য ও কৃষিপণ্য নিরাপদ হিসেবে স্বীকৃত, সেগুলো বাংলাদেশে আমদানির ক্ষেত্রেও একাধিকবার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হয়। এতে আমদানি প্রক্রিয়া জটিল হওয়ার পাশাপাশি ব্যবসার ব্যয় বাড়ছে এবং ভোক্তাদের পছন্দের সুযোগ সীমিত হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) আওতায় এসব প্রতিবন্ধকতা কমানোর সুযোগ রয়েছে বলে জানান তিনি। চুক্তিটির লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব অর্থনীতিতে পরিণত করা। এ জন্য স্বচ্ছ শুল্কনীতি, ব্যবসায়িক বিধিবিধানে পূর্বানুমানযোগ্যতা এবং শ্রম ও বিজ্ঞান খাতে আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।
তিনি আরও জানান, জ্বালানি সরঞ্জামের মানদণ্ড ও শুল্ক প্রক্রিয়া আধুনিকায়নের বিষয়টিও চুক্তির আওতায় রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং স্থানীয় উদ্যোক্তারা উপকৃত হবেন।
বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে ক্রিস্টেনসেন বলেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) বিনিয়োগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর মাধ্যমে জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে ডিএফসির অর্থায়ন প্রচলিত উন্নয়ন ঋণের মতো নয়। প্রকল্পের কৌশলগত গুরুত্ব, অর্থনৈতিক ফলাফল ও ব্যবসায়িক যৌক্তিকতা বিবেচনা করেই অর্থায়ন করা হবে।
জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগের আগ্রহের কথাও জানান তিনি। গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য সরকারি পর্যায়ে কাজের সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। দেশের শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য জ্বালানি উৎসে সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহী।
অন্যদিকে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হচ্ছে উদ্যোক্তাদের কর্মস্পৃহা, শ্রমজীবী মানুষের অংশগ্রহণ এবং উদ্ভাবনী মানসিকতা। কারখানা, কৃষি, নগর ও তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে থাকা এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
তবে অর্থনৈতিক অগ্রযাত্রার পথে দুর্নীতি ও হয়রানিকে রাষ্ট্রের দুটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, দুর্নীতি নিয়ে আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। জাতীয় রাজস্ব বোর্ড ও কর আদায় নিয়ে আলোচনা করার পাশাপাশি দেশের করভিত্তি এবং রাজস্ব আহরণের পরিধি কেন এত সীমিত, তা নিয়েও গভীরভাবে ভাবতে হবে।
তিনি বলেন, মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী। কিন্তু প্রাতিষ্ঠানিক হয়রানি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতির পাশাপাশি হয়রানি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।



