বাংলাদেশে তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। অন্যদিকে কম রাজস্ব আয়, উন্নয়ন ও শিক্ষা খাতে সীমিত ব্যয় এবং জ্বালানি ভর্তুকির চাপ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক রাজস্ব সংস্কার, ভর্তুকির পরিবর্তে সরাসরি সহায়তা এবং অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমানোর সুপারিশ করেছে বিশ্বব্যাংক
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে তিন ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে রাজস্ব সংস্কারকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের প্রধান ভিত্তি করতে হবে।
প্রতিবেদনে শ্রমবাজারের দুর্বল চিত্র তুলে ধরে বলা হয়েছে, কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। ফলে তরুণ ও নতুন শ্রমশক্তির জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজস্ব আহরণেও বাংলাদেশের অবস্থান দুর্বল। ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সময়ে উন্নয়ন খাতে ব্যয় জিডিপির ২ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। শিক্ষা খাতে ব্যয়ও কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৫ শতাংশে।
অন্যদিকে ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ ব্যয় হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে। সরকারের অভ্যন্তরীণ ব্যাংকঋণ বৃদ্ধি বেসরকারি খাতের ঋণপ্রবাহও সীমিত করতে পারে।
জ্বালানি ভর্তুকির ব্যয় বৃদ্ধিকেও বড় উদ্বেগ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৭-১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থাকলেও ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে এ চাপ আরও বাড়তে পারে।
রাজস্ব আয় বাড়াতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা বলেছে বিশ্বব্যাংক। এর মধ্যে রয়েছে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনকে পৃথক করা, করব্যবস্থার ডিজিটাল সমন্বয়, একক করদাতা শনাক্তকরণ নম্বর কার্যকর করা, অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমানো এবং জ্বালানির মূল্য নির্ধারণে স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিয়মভিত্তিক ব্যবস্থা চালু করা।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ জিডিপির ৬ দশমিক ৯ শতাংশে পৌঁছেছিল, যা ওই সময়ে মোট কর আহরণের প্রায় সমান। তাই ভ্যাট ও বাণিজ্য শুল্ক সংস্কারের পাশাপাশি অপ্রয়োজনীয় কর সুবিধা কমানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
দারিদ্র্য মোকাবিলায় ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র পরিবারগুলোকে সরাসরি সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সামাজিক নিবন্ধন ব্যবস্থা শক্তিশালী করে ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। ২০৩৫ অর্থবছরের মধ্যে রাজস্ব আয় জিডিপির ৮ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। সীমিত সংস্কার বাস্তবায়িত হলে তা ১০ শতাংশে দাঁড়াতে পারে।
এ ছাড়া সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত এবং বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে থেকে ২০৩৫ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার সম্ভাবনার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, এসব সংস্কার বাস্তবায়ন হলে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির ভিত্তি আরও শক্তিশালী হবে।



