দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৪ আগস্ট পর্যন্ত দেশের এই মোট রিজার্ভের পরিমাণ রেকর্ড করা হয়।

রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই (১-৩ আগস্ট) দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। যা আগের বছরের একই সময়ের (২২০ মিলিয়ন ডলার) তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি। কেবল ৩ আগস্ট একদিনেই দেশে এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স।

চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই থেকে ৩ আগস্ট) মোট ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন মার্কিন ডলার। ফলে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।