রপ্তানিমুখী শিল্পের জন্য দেওয়া শুল্কমুক্ত বন্ড সুবিধার অপব্যবহার করে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমদানি করা কাঁচামালের মজুত ও ব্যবহারের হিসাবে ব্যাপক অসংগতি পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকার ছয়টি বন্ডেড টেক্সটাইল কারখানায় একযোগে অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক দল বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
তদন্তসংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান শুল্ক-কর ছাড়ে আমদানি করা সুতা, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল নির্ধারিত উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করে থাকতে পারে। অভিযানে কারখানাগুলোর গুদামে থাকা সুতা, ফেব্রিক্স ও কেমিক্যালের পরিমাণের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্য মিলিয়ে অসংগতি পাওয়া যায়।
পরে এনবিআরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত নথি সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এতে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উঠে আসে।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা, জাহিন নিটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে ৬০ কোটি ৩৩ লাখ টাকা ফাঁকির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের ক্ষেত্রে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ, জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে ৯ কোটি ৪৫ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ক্ষেত্রে ৪ কোটি ৮৩ লাখ টাকার অসংগতি শনাক্ত হয়েছে।
এনবিআর জানিয়েছে, অভিযানে কোনো কোনো প্রতিষ্ঠানে হিসাবের তুলনায় সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি কারখানায় নথিতে উল্লেখ করা পরিমাণের চেয়ে বেশি পণ্য মজুত ছিল। এসব তথ্য বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহারের ইঙ্গিত দিচ্ছে।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, পণ্য ব্যবহার ও মজুতসংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেসব দলিল যাচাই ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাজস্ব ফাঁকির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত নয়। প্রাথমিক হিসাবের সঙ্গে চূড়ান্ত অঙ্কের পরিবর্তন হতে পারে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্তৃপক্ষের মতে, বন্ড সুবিধার অপব্যবহার শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করছে না, শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীদেরও অসম প্রতিযোগিতার মুখে ফেলছে। এ ধরনের অনিয়ম বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।