বাংলাদেশে আগামী কয়েক বছরের উন্নয়ন সহযোগিতার পরিকল্পনায় কর্মসংস্থান বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করবে সংস্থাটি।
২০২৭ থেকে ২০৩৩ অর্থবছর পর্যন্ত সম্ভাব্য সময়সীমা ধরে নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) তৈরির কাজ চলছে। এর মাধ্যমে আগামী পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের অর্থায়ন ও কারিগরি সহায়তার অগ্রাধিকার নির্ধারিত হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে জানিয়েছেন, নতুন পরিকল্পনা তৈরিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দেশের উন্নয়ন চাহিদা এবং সরকারের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে সহযোগিতার ক্ষেত্রগুলো চূড়ান্ত করা হবে।
কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, গত এক দশকে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও চাকরি পেয়েছেন প্রায় ৮৭ লাখ মানুষ। নারীদের ক্ষেত্রেও কর্মসংস্থানের পরিস্থিতি উদ্বেগজনক। ২০২২ সালে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালে তা কমে ৩৮ দশমিক ৪ শতাংশে নেমে আসে।
জ্যঁ পেসমের মতে, বেসরকারি খাতে ব্যাপক কর্মসংস্থান তৈরির পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন, বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক। পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সম্ভাবনাও কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
নতুন কৌশল তৈরির আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করছে সংস্থাটি। এ প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করা হচ্ছে। সাধারণ মানুষের মতামত জানতে বাংলা ও ইংরেজি ভাষায় অনলাইন জরিপের ব্যবস্থাও রাখা হয়েছে।
জরিপে বাংলাদেশের প্রধান উন্নয়ন চাহিদা, বিশ্বব্যাংকের অর্থায়ন ও কারিগরি সহায়তার অগ্রাধিকার এবং মানসম্মত চাকরি তৈরিতে প্রয়োজনীয় সংস্কার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সহযোগিতা কাঠামোয় বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকার ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় বাংলাদেশ। বিশ্বব্যাংকের খসড়া পাওয়ার পর তা পর্যালোচনা করে সরকারের মতামত জানানো হবে।
বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৭টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংস্থাটির সহায়তার পরিমাণ ১ হাজার ১২০ কোটি ডলার। অবকাঠামো, জ্বালানি, সামাজিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যবহৃত হচ্ছে।
এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে বড় কোনো মতপার্থক্য নেই। যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে আলোচনার ভিত্তিতে বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন অংশীদারত্ব কাঠামোর মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ উন্নত করা গেলে দেশের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য স্থায়ী এবং মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করাই হবে এ পরিকল্পনার বড় চ্যালেঞ্জ।