অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জমা রাখা অর্থ ফেরত না পেয়ে প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
রবিবার (৮ নভেম্বর) বেলা ২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। এ সময় সাত দফা দাবি তুলে ধরেন ভুক্তভোগী গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক জাফরিন আলম রাখী।
তিনি অভিযোগ করেন, গ্রাহকরা নিয়ম মেনেই শ্রীনগর শাখায় অর্থ জমা রেখেছিলেন। কিন্তু আমানত ফেরত চাইতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের নামে সেখানে কোনো হিসাব নেই। বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়কেও জানানো হয়েছে। গ্রাহকদের একমাত্র দাবি, তাঁদের জমা করা অর্থ ফেরত দিতে হবে।
এ ঘটনায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা। আবেদনে বলা হয়, শাখাটিতে আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে বহু গ্রাহক তাদের দীর্ঘদিনের সঞ্চয়, অবসরকালীন অর্থ এবং ব্যবসার পুঁজি হারিয়ে চরম বিপাকে পড়েছেন।
ভুক্তভোগীদের দাবি, সঞ্চয়ের অর্থ ফেরত না পাওয়ায় তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে আমানতকারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করার আহ্বান জানান তারা।


