হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে হীরাখচিত স্বর্ণ, প্লাটিনাম ও রুপার অলংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাস্টমস সূত্র জানায়, শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় কর্তৃপক্ষ। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করে কাস্টমসের প্রতিরোধ দল।
এ সময় এমডি জনি রহমান নামের ওই যাত্রী ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে তার লাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে আচারের বয়ামের ভেতরে লুকানো ধাতব পদার্থের অস্তিত্ব ধরা পড়ে। পরে ব্যাগ তল্লাশি করে অলংকার ও মূল্যবান পাথর উদ্ধার করা হয়।
কাস্টমসের তালিকা অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। এর মধ্যে রয়েছে ৩৮৯টি হীরাখচিত স্বর্ণের আংটি, ১৫১টি হীরাখচিত প্লাটিনামের আংটি, ৪৭২টি হীরাখচিত স্বর্ণের নাকফুল, সাদা স্বর্ণের অলংকার, রুপার আংটি, স্বর্ণের লকেট ও চেইন। এ ছাড়া বিভিন্ন ধরনের ৭২০টি মূল্যবান পাথর এবং অলংকার যাচাইয়ের ২৩টি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, অলংকারের প্রত্যয়নপত্র ও বাজারদর বিবেচনায় জব্দ করা পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।