শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকের সংখ্যা বেড়েছে। শনিবার (১৭ অক্টোবর) ২৪টি পর্যটকবাহী জাহাজে দেড় সহস্রাধিক পর্যটক সুন্দরবনের কটকা ও কচিখালী এলাকা ঘুরে গেছেন। আগামী তিন দিনে সুন্দরবন ভ্রমণের জন্য ৭০টি জাহাজে আগাম বুকিং দিয়েছেন প্রায় ৩ হাজার ৩০০ পর্যটক।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রবিবার দুপুরে জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা সুন্দরবনে আসছেন। কটকায় কাছ থেকে চিত্রল হরিণ, বানর, বন্য শূকরসহ বিভিন্ন বন্য প্রাণীর বিচরণ দেখে আনন্দিত হচ্ছেন তারা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সহসভাপতি মো. মাজহারুল ইসলাম কচি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সুন্দরবন ভ্রমণে পর্যটকের আগ্রহ বেশি। পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় পর্যটকের সংখ্যা বেড়েছে। ২০ অক্টোবর থেকে পরবর্তী তিন দিনের জন্য সংগঠনের ৭০টি জাহাজে আগাম বুকিং রয়েছে। এসব জাহাজে প্রায় ৩ হাজার ৩০০ পর্যটক ভ্রমণ করবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, টানা তিন মাস প্রবেশাধিকার বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকে পর্যটকেরা সেখানে যাতায়াত করছেন। বন্য প্রাণী দেখার পাশাপাশি নৌযান থেকে মাঝেমধ্যে বাঘকে খাল সাঁতরে পার হতেও দেখছেন পর্যটকেরা। দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের ভ্রমণ ঘিরে বন বিভাগের রাজস্ব আদায়ও বাড়ছে।




