রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মিঠাপুকুরে উদ্ধার হওয়া কিশোরের নাম আমিনুল ইসলাম আকাশ (১৬)। সে নবম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার ৪ নম্বর ভাংনী ইউনিয়নের যুগিপাড়া এলাকায় সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আকাশ মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মনুর ছেলে। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
অন্যদিকে, কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের আবেদন আলী মণ্ডলের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তাহমিনা খাতুন (২৫) হারাগাছের ফাতাংটারি এলাকার সদরপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদল কুমার মণ্ডল জানান, নিহত নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।