কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রায় তিন ঘণ্টা ধরে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরীক্ষার জন্য নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ নমুনা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুবক্তগীন মাহামুদ সোহেলের নেতৃত্বে রোববার বিকেল ৩টার দিকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষ হয়। পরে নমুনাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় ১০ জন নিহত এবং আরও সাতজন আহত হন। অগ্নিকাণ্ডের পর নিহতদের পরিচয় শনাক্ত করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এখন ডিএনএ পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।




