যশোরের অভয়নগরে আট দলের অংশগ্রহণে আয়োজিত অভয়নগর প্রিমিয়ার লিগের (এপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে আইকন অ্যাকাডেমি ও অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। রোববার (১৮ অক্টোবর) নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে দল দুটি জয় তুলে নেয়।
সকালের ম্যাচে এমবিভি স্পোর্টসকে ৪৪ রানে হারায় আইকন অ্যাকাডেমি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে আইকন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৪ রানে অলআউট হয় এমবিভি স্পোর্টস।
একই মাঠে দুপুরের ম্যাচে ধোপাদী কিংসকে ১৮ রানে পরাজিত করে অভয়নগর ফুটবল অ্যাকাডেমি। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে দলটি। জবাবে ধোপাদী কিংস ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।
আয়োজক কমিটি জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় একই মাঠে এমবিভি স্পোর্টসের মুখোমুখি হবে ধোপাদী কিংস। দুপুর ২টায় মাঠে নামবে মুসলিম জুয়েলার্স ও নওয়াপাড়া থ্রি স্টার।




