মধ্যবয়সে নারীদের দীর্ঘস্থায়ী ব্যথা, মেনোপজের প্রভাব ও করণীয় নিয়ে রংপুরে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মেনোপজ দিবস উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) আরডিআরএস মিলনায়তনে এ আয়োজন করে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) রংপুর।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওজিএসবি রংপুরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. কামরুন নাহার জুঁই, ডা. হামিদা বেগম, অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী ও ডা. সফুরা খাতুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম মেডিকেল কলেজের গাইনি বিভাগের চিকিৎসক খালেদা আক্তার কাকলী।
সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, দীর্ঘস্থায়ী ব্যথায় নারীদের আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় বেশি। মধ্যবয়সে হরমোনের পরিবর্তনসহ বিভিন্ন জৈবিক, মানসিক ও সামাজিক উপাদান ব্যথার অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। এ ব্যথা শুধু শারীরিক কষ্টই বাড়ায় না, ঘুম, মানসিক সুস্থতা ও দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলেন, মেনোপজ নারীর জীবনের একটি স্বাভাবিক পর্যায়। সাধারণত ৪০ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এটি ঘটে। অন্য কোনো কারণ না থাকলে টানা ১২ মাস মাসিক বন্ধ থাকাকে মেনোপজ হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ে উপসর্গ মোকাবিলায় স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন গুরুত্বপূর্ণ। ব্যথা বা অন্য উপসর্গ দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রধান অতিথি অধ্যাপক ডা. আজিজুল ইসলাম বলেন, মেনোপজের সময় নারীদের পরিবর্তন ও উপসর্গকে গুরুত্ব দিতে হবে। পরিবারে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি পরিবার, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্যসেবায় নারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
সেমিনারে আরও বক্তব্য দেন ওজিএসবির কার্যনির্বাহী সদস্য ডা. মাহফুজা খানম ও সদস্য ডা. সিনথিয়া সিদ্দিকা। আয়োজনে সহযোগিতা করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।