কুমিল্লার লাকসামে নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে বস্তাবন্দী অবস্থায় বেশ কিছু সিগারেটও পাওয়া যায়।
নিহত কাউসার তারাপুর পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। পেশায় অটোরিকশাচালক কাউসার গত ৮ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সন্ধান পাননি।
রোববার সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাউসারের বাড়ির পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ধানক্ষেতে মরদেহের পাশে সিগারেট পাওয়ায় ওই চুরির ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো যোগসূত্র নিশ্চিত করা হয়নি।
ওসি কাজী কামরুন্নাহার লায়লী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।
এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় সৌরভ হোসেন নামে এক সাংবাদিকের মুঠোফোন নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। ওই সাংবাদিকের অভিযোগ, এ সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করা হয়। তবে ওসি বলেন, ওই সাংবাদিক গোপনে তার ভিডিও ধারণ করছিলেন। এ কারণে তিনি মুঠোফোনটি নিয়ে পরে ফেরত দিয়েছেন এবং ভিডিওগুলো মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন।




