ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটায় হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে তাওহিদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাটফাজিলপুর এলাকার মোল্লা ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদ উপজেলার পাঁচপাখিয়া গ্রামের জসিম শেখের ছেলে। পেশায় গাড়িচালক জসিম শেখের একমাত্র ছেলে ছিল তাওহিদ। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লার মালিকানাধীন মোল্লা ব্রিকসে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ইমরান নামের এক ব্যক্তি হ্যারো গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভাষ্য, তাওহিদ ইটভাটায় খেলতে গিয়েছিল। এ সময় হ্যারো গাড়িটি পেছনের দিকে নেওয়ার সময় শিশুটি চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে শিশুটির মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।